চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে দুই নিরাপত্তা প্রহরীর মধ্যে মারামারিতে ওসমান গণি (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে দেওয়ানহাটের সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি কক্সবাজার সদর থানার তাজুল ইসলামের ছেলে। তিনি গুদামে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে মারামারি হয়। এতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মারামারিতে জড়ানো জিয়া নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
