পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
রোববার (২৫ জুন) ফজরের পর ১৪৪৪ হিজরি বর্ষের হজের মূল কার্যক্রম শুরু হয়।
২৭ জুন আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দুয়ারে নিজেদের উপস্থিতির জানান দেবেন মুসল্লিরা। সেদিন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে ময়দান।
আর শয়তানকে উদ্দেশে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।
ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছেছেন।
সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।
হজের যাবতীয় প্রস্তুতি প্রসঙ্গে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া বলেন, রোববার থেকে বিশ্বের লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন। হজপালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।
পবিত্র স্থানগুলোতে পরিবহনব্যবস্থার কথা উল্লেখ করে আল-রাবিয়া বলেন, মিনা, আরাফাত ও মুজদালিফার মতো স্থানগুলো একটি সমন্বিত পরিবহনব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাছাড়া এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য থাকবে ট্রেন ও বাস।
