ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুইটি একনালা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সুনিল মাঝি (২৫) পিতা মৃত নিরঞ্জন মাঝি, বাবুল মাঝি (২৮) পিতা নিরু মাঝি। উভয়ের বাড়ি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাঁওতাল পাড়ায়।
থানা সূত্রে জানা যায়, স্থানীয় সুজানগর চা বাগানের পশ্চিম পাশে একটি বাড়িতে স্থানীয় দুই যুবকের নিকট অবৈধ অস্ত্র মজুদ রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ভূজপুর থানা পুলিশ। ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এসময় উল্লেখিত দুইজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে বসত ঘরে লুকানো অবস্থায় দুইটি এক নালা দেশীয় বন্দুক উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হারুয়ালছড়ির সুজানগর চা বাগান এলাকায় দুই ব্যাক্তির কাছে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। এসপি এবং এএসপির সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। তাদের দেখানো স্থান থেকে দুইটি দেশীয় তৈরী একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
