রাউজানে খালে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পর আবদুর রহিম (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
৩১ মে (বুধবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় মৎস্যজীবিরা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। নিহত আবদুর রহিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গশ্চি এলাকার জাফর চেয়ারম্যানের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
নিহতের ছোট ভাই মো. নাদির উদ্দিন বলেন ‘বড় ভাইয়ের ১০২ ডিগ্রী জ্বর ছিল। বেলা ১১টার দিকে বাড়ির পাশে অধ খালে (অধর খাল) গোসল করতে গিয়ে নিখোঁজ হন। প্রথমে কালুরঘাট ফায়ার সার্ভিস পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালান। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা পর্যন্ত উদ্ধারের চেষ্ঠা অব্যাহত রাখার পর তারা বিকেল ৫টার পর উদ্ধার কাজ শেষ করে গন্তব্য চলে যাওয়ার প্রস্তুতি নেন। সন্ধ্যা সোয়া ৬টার পর স্থানীয় মৎস্যজীবি মো. মোবারক ও মন্নানসহ চারজন নৌকা করে নৌকায় থাকা বাঁশ দিয়ে ভাইয়ের সন্ধান পাওয়ার পর তার মৃতদেহ পাড়ে তুলে আনা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টিম লিডার টিটু কুমার বসা বলেন ‘আমরা ও কালুরঘাট ফায়ার সার্ভিসের টিমসহ ১০জন ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধারে চেষ্ঠা চালাই। পরে স্থানীয় মৎস্যজীবিরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়।
