মুড়ির মোয়ার ভিতরে করে ইয়াবা পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলি থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ প্রীয়োতোষ মজুমদারকে (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭।
সোমবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
প্রীয়োতোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে চেক পোস্ট বসিয়ে ১২ হাজার ইয়াবাসহ প্রিয়তোষকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায় দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে সে। সে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করত। র্যাব সদস্যরা তার ব্যাগ তল্লাশী করে প্রাথমিকভাবে কোন মাদকদ্রব্য না পেলেও পরবর্তীতে তার ব্যাগের মধ্যে সংরক্ষিত তিন প্যাকেট মুড়ির মোয়ার ওজন দেখে সন্দেহ হয়। পরবর্তীতে ১টি মোয়া ভেঙে দেখা যায় তার ভিতরে পলিথিন ও স্কচটেপ দ্বারা বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা আছে।
র্যাব ৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, তার কাছে রক্ষিত ৩টি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭টি মোয়ার ভিতরে সর্বমোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
