দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে হালদা নদীর কয়েকটি পয়েন্টে নমুনা ডিম সংগ্রহ করেন ডিম সংগ্রাহকরা। গতকাল বুধবার রাতে নদীর কিছু কিছু অংশেও এ নমুনা ডিম পাওয়া যায় বলে ডিম সংগ্রগকারীরা জানান।
আরও পড়ুন: হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন ফজলে করিম চৌধুরী এমপি
প্রজনন মৌসূমে মেঘের গর্জন ও বৃষ্টিতে পাহাড়ি ঢল হালদা নদীতে প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা। তারা বলেন, রাতে ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকজন ডিম সংগ্রহকারী ২ থেকে ৩ গ্রাম ডিম সংগ্রহ করেছেন।
হালদা পাড়ের ডিম সংগ্রহকারী রফিক জানান, মা মাছ এখনো ডিম পুরোদমে ছাড়েনি। আরো দুই-একদিন মেঘের গর্জন ও বৃষ্টিসহ পাহাড়িঢল হালদায় প্রবেশ করলে ডিম দেবে মা মাছ।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিদ্যা বিভাগের প্রধান ড. মো. শফিকুল ইসলাম জানান, এপ্রিল থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমের তিনটি জোঁ (ডিম ছাড়ার সময়) অতিক্রম হলেও হালদায় দেখা মেলেনি কার্পজাতীয় মাছের কাঙ্ক্ষিত ডিমের। কিন্তু মঙ্গলবার থেকে শুরু হওয়া চতুর্থ জোঁ এর গতকাল রাতে হালদার কিছু কিছু স্পনিং গ্রাউন্ডে খুবই সামান্য পরিমাণে নমুনা ডিমের উপস্থিতি দেখা যায়। পর্যাপ্ত বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢল নামলে ২-১ দিনের মধ্যে ডিম ছাড়বে কার্পজাতীয় মা মাছ।
