চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে গুরুতর আহত মো. জাহেদুল (৩৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) বিকেলে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহত জাহেদ আলীর বাড়ি রংপুর লালমনিরহাটে। তিনি চট্টগ্রামের ট্যানারি বটতল এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিকশার ওপর পড়ে। সাথে সাথে ওই রিক্সায় আগুন লেগে যায়। এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
