চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন জালালাবাদের কুলগাঁও এলাকার মোহাম্মদ খায়রুল বাশারের ছেলে সোলাইমান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আশেক রহমান বলেন, মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে হাটহাজারী থেকে শহরের দিকে আসার সময় আমান বাজার এলাকায় হঠাৎ ব্রেক করলে গাড়ি স্লিপ খেয়ে দুর্ঘটনা ঘটে।
এ সময় সোলাইমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাত ভাই মোহাম্মদ পারভেজ বলেন, আমান বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোলাইমানের মৃত্যু হয়েছে। তাকে চমেক হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
