চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় নৌবাহিনীর অফিসার পরিচয় প্রদানকারী মো. রিয়াজ মাহমুদ আকাশ (২২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) কোতোয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের কমিশনার নিহাদ আদনান তাইয়ান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউমার্কেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনীর অফিসার পরিচয় দেওয়া মো. রিয়াজ মাহমুদ আকাশ নামে এক প্রতারককে ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি চোরাই মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন সময় নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অনেকের সাথে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেপ্তার রিয়াজ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ওই হোটেলের রুম নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।
