ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রাকিবুল নগরের চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে। তিনি ২০২১ সালে আলিম পাস করেছিলেন।
হাসপাতালে আনয়নকারী সাহেদ বলেন, নগরের খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় রাকিবুল ইসলাম পড়েছিলেন।
সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে কে বা কারা ছুরিকাঘাত করেছে আমি জানি না। আহত অবস্থায় পড়ে ছিল, যার কারণে এলাকার ছেলে হিসেবে হাসপাতালে নিয়ে এসেছিলাম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিকেলে ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নিহত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।
