চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।
নিহতরা হলেন – বায়েজিদ থানাধীন বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুন দাশ (৫৯) এবং আজিজুল হক জিপসি (২২)। তাদের মধ্যে অরুণ ভিজুয়াল গার্মেন্টসে এবং আজিজুল গার্মেন্টসের গাড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় হাটহাজারীমুখী ৩ নাম্বার রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অরুণকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আজিজুলকে চমেকের পর রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
