খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসি।
সভায় উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগড় বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার মুক্ত আলোচনায় উপস্থিত বিভিন্ন প্রতিনিধিরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং উদ্ভূত যেকোনো পরিস্থিতি সঠিক সময়ে বিজিবিকে অবহিত করার বিষয়ে আলোচনা করেন।
তিনি দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত এবং যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
