মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপের সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবির ঘটনায় মাইন উদ্দিন (৪৫) ও মোঃ রাফুল (২৫) নামের ২ জেলের মৃত্যু হয়েছে। ট্রলারডুবির ঘটনায় ঘটনায় ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও শরীফ ও বেলাল নামের আরও ২ জন নিখোঁজ রয়েছেন ।
শুক্রবার ১৯ আগস্ট সকাল ১০ টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, কয়েক দিন আগে ১৬ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের ট্রলারটি।বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে তারা। সকাল ১০ টার দিকে নিঝুমদ্বীপ এলাকার ধমারচরে পৌঁছালে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরবর্তীতে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারের সহায়তায় ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।এসময় জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে তার ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুইজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিহত মাইন উদ্দিন জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের বাসিন্দা ও মোঃ রাফুল (২৫) নতুন সুখচর গ্রামের বাসিন্দা।
