পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এ ঘোষণা দেন কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি।
বুধবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা।
ধর্মঘটের বিষয়ে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.কলিম বলেন, ‘কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। এমনকি একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম।’
‘তাই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে’, বলেন তিনি।
হয়রানির প্রতিকারে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে বলে জানান তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কুয়াকাটায় পর্যটকরা এসে যাতে কোনোভাবে প্রতারিত না হন, সে কারণেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আমাদের পক্ষ থেকে তাদের হোটেল খোলার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারপর তাদের যদি কোনো কথা থাকে, সেটা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা জানিয়েছি।
