বহুল আলোচিত চাঞ্চল্যকর মিতুর হত্যার বিষয়ে বাবুল আক্তার- মিতুর সন্তানদের জবানবন্দি নেওয়ার সময় আদালতের আদেশ অমান্য হয়েছে কি না তা জানতে বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ও মাগুরার সমাজ সেবা কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ আগস্ট তাদের স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিগত ৮ জুন মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নিতে পিবিআই কর্মকর্তাদের চট্টগ্রাম থেকে মাগুরা জেলা সমাজ সেবা কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
তদন্ত কর্মকর্তারা মাগুরায় যাওয়ার তিনদিন আগে শিশুদের দাদাকে জানানো, শিশুদের জবানবন্দি রেকর্ড করার সময় জেলা সমাজ সেবা কর্মকর্তা, একজন নারী পুলিশ সদস্য ও শিশুদের দাদা উপস্থিত রাখা ও শিশু আইনের বিধান অনুসরণ করে শিশুদের জবানবন্দি গ্রহণের নির্দেশ দেয় আদালত।
আদালতের আদেশের ভিত্তিতে ৪ জুলাই মাগুরায় গিয়ে শিশুদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তীতে জবানবন্দি রেকর্ড করার সময় শিশুদের চাচা জোর করে সেখানে থাকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে।
