চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান অংশে রাঙ্গুনিয়া উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চুয়েট সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে রাঙ্গুনিয়া উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট সংলগ্ন এলাকায় বাসটি (চট্ট-মেট্রা-ব-০৫-০২২২) উল্টে যায়। এতে অন্তত ৩০জন আহত হয়।
চুয়েট পুলিশ ক্যাম্পের আইসি উপ পরিদর্শক খোরশেদ আলম বলেন, যাত্রীবাহী একটি বাস উল্টে প্রায় ৩০ জনের মত যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
