চট্টগ্রামে ‘আমার গাড়ি নিরাপদ’ নামের একটি অ্যাপসের মাধ্যমে হারানো জিনিস উদ্ধার করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগরীতে ১৩ হাজার অটোরিকশাকে এক তথ্যভাণ্ডারের আওতায় আনতে এটি চালু করা হয়। অ্যাপসটি ব্যবহার করে এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন নগরবাসী।
আজ শুক্রবার (১৩ মে) সকালে অ্যাপটির সাহায্যে ঊষা মজুমদার নামে জনতা ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার হারানো ব্যাগ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে সিএমপি।
জানা যায়, ঊষা মজুমদার (৫৬) ঈদের ছুটিতে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ নিজের ব্যাগটি সিএনজি অটোরিকশায় ভুল করে ফেলে আসেন। পরে তিনি এ নিয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর পুলিশ নতুন ব্রিজ ও লাভলেইন এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অটোরিকশাটি চিহ্নিত করেন।
পরে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের সাহায্যে গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করে পুলিশ। এরপর তাদের কাছ থেকে হারানো ব্যাগটি উদ্ধার করে এর মালিককে ফিরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ঊষা মজুমদার বলেন, গত ৬ মে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাসায় ফেরার পথে আমার ব্যাগটি সিএনজি অটোরিকশায় ফেলে আসি।
ব্যাগটিতে নগদ ৫০ হাজার টাকা, ব্যবহৃত কিছু স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।
পুলিশকে জানানোর এক সপ্তাহ পর আজ তারা সেটি উদ্ধার করে দিয়েছেন। এজন্য কোতোয়ালী পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, সিএমপি কমিশনার মহোদয়ের পদক্ষেপে এই অ্যাপসটি ব্যবহার করা হচ্ছে। এখন নগরবাসী অ্যাপসটির সুফল পেতে শুরু করেছেন।
ঊষা মজুমদার তাদের (উপকৃতদের) মধ্যে একজন। আমরা তার হারানো ব্যাগটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।
