চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারী দুই কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ফটিকছড়ি থানায় মামলাটি করেন গৃহকর্মী। মামলায় আরও দুজনকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।
উপজেলার সদ্য বিদায়ী নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামে বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে গৃহকর্মী।
অন্য দুজন হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার কমান্ডার ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।
এ বিষয়ে আনসার ভিডিপি কর্মকর্তা আসামি সাইদুল বলেন, গত বছরের নভেম্বরে ফটিকছড়িতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করেছে।
অন্যদিকে মুঠোফোনে নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের মন্তব্য জানতে চাইলে বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ বলেন দুই সরকারী কর্মচারীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এজাহার থেকে জানা গেছে, উপজেলা সদরে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনে ভাড়া থাকতেন উপজেলা আনসার কমান্ডার সাইদুল ইসলাম, নির্বাচনী কর্মকর্তা হুমায়ুন কবির। ওই বাসায় রান্নার কাজ করতেন অভিযোগকারী নারী।
গত ২৭ মার্চ ওই বাসায় সাইদুল ও হুমায়ুন ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ঘটনার সময় হুমায়ুন কবীর ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। গত ২৮ এপ্রিল তিনি ফটিকছড়ি থেকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বদলি হন।
