আজ বিকালে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা।এবারের ১১৩ তম আসরে ১০০ জন বলি অংশ নেওয়ার কথা রয়েছে।
আজ সোমবার বিকাল ৩ টায় এ বলি খেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
বলি খেলা ও মেলা কমিটি সুত্রে জানা যায়,ঐতিহাসিক জব্বারের বলি খেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।লালদীঘির পিচঢালা সড়কে প্রায় ১০০ খুঁটির ওপর বাঁশ ও কাঠের তক্তা দিয়ে প্রস্তুত করা হয়েছে বলির মঞ্চ।
বলি খেলা উপলক্ষে লালদীঘির দেড় কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপি বৈশাখী মেলা।দেশের বিভিন্ন জায়গা থেকে নানান রকমমের বাঁশ,বেত,মাটিসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।
জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী জানান,ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।এবারের বলি খেলায় ১০০ জন বলি অংশ নিচ্ছেন।বলি খেলাকে কেন্দ্র করে যাতে কেউ কোন ধরনের চাঁদাবাজি করতে না পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের ডিসি মো.জসিম উদ্দিন জানান,ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।পোশাকদারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ,ডিবি ও সোয়াত টিমের সদস্যরাও মাঠে থাকবে।মেলা ঘিরে কেউ চাঁদাবাজি বা আইন বিরোধী কোন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
১৯০৯ সালের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে বাঙালি সংস্কৃতির বিকাশ ও বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তুলতে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। এরপর থেকে প্রতি বছর ঐতিহাসিক লালদীঘির মাঠে জব্বারের বলি খেলা হয়ে আসলেও করোনার কারনে গত দুইবছর হয়নি।
