পবিত্র রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের আজ শেষদিন। ২১ রমজান থেকে শুরু হবে নাজাতের দশক। নাজাতের দশকের অন্যতম আমল হলো- ইতিকাফ। এ ইবাদত প্রত্যেক মুসলমানের জন্য স্বেচ্ছায় পালনীয়। পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্বাদা কিফায়া।
ইতিকাফ হচ্ছে আল্লাহতায়ালার নৈকট্য ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ। রমজানের ইতিকাফ শুরু করতে হয় ২০ তারিখের সূর্যাস্তের আগ থেকে। আর তা শেষ হয় রমজান শেষ হলে। অর্থাৎ ২৯ তারিখে চাঁদ দেখা গেলে বা ৩০ তারিখ পূর্ণ হলে। সুতরাং যারা রমজানের শেষ দশকে আল্লাহর বিশেষ অনুগ্রহ, অনুকম্পা, ক্ষমা ও করুণার আশায় মসজিদে ইতিকাফ পালন করবেন, তারা আজ সন্ধ্যার মধ্যে মসজিদে যেয়ে অবস্থান নেবেন।
সহিহ বোখারি শরীফে ইরশাদ হয়েছে, ‘কেউ যদি রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতে চায়, তাহলে সে যেন ২০ রমজান সূর্যাস্তের আগেই ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে।’
ইতিকাফের নিয়তে পুরুষগণ মসজিদে ও নারীগণ ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। (দুরারুল হুক্কাম- ১/২১২)
ওমজানের শেষ দশকে একুশ তারিখের রাত (২০ তারিখ সূর্যাস্তের পূর্ব) থেকে ঈদ উল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা সুন্নাতে মুআক্কাদাহ কিফায়াহ। মহল্লার কোন একজন ইতিকাফ করলে বাকিদের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। মহল্লার একজনও যদি ইতিকাফে না বসে, তাহলে মহল্লাবাসীর সুন্নাত পরিত্যাগের গোনাহ হবে। (রদ্দুল মুহতার- ২/৪৪২)
ইতিকাফের আদাবসমূহঃ
ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে মানুষ দুনিয়ার অন্য সর্বপ্রকার কাজকর্ম ও ধ্যানধারণা থেকে পৃথক হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এজন্য ইতিকাফে অপ্রয়োজনীয় কথাবার্তা বা অনর্থক কর্ম থেকে বিরত থাকা ও যথাসম্ভব নফল নামাজ, কুরআন তিলওয়াত, তাছবীহ-তাহলীল ও অন্যান্য ইবাদতের মধ্যে লেগে থাকা জরুরী। (ফাতহুল কাদীর- ২/৩৯৪, তাতারখানিয়- ০/৮৮৯)
মসজিদের আদব ও ইহতিরাম, পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা।
ইতিকাফের ভঙ্গের কারণসমূহঃ
১)ইতিকাফের স্থান থেকে শরয়ী প্রয়োজন (জুমার নামাজ, ফরজ গোছল) অথবা প্রাকৃতিক প্রয়োজনে যেমন- পায়খানা, প্রশ্রাব ছাড়া মসজিদ থেকে বের হওয়া।
২)স্ত্রী সহবাস এবং সহবাসের আনুষাঙ্গিক কাজসমূহ; যদি আনুষাঙ্গিক কাজসমূহের দ্বারা বীর্যপাত হয়।
৩)মহিলাদের হায়েয বা নেফাস শুরু হওয়া। (বাদায়েউস সানায়ে- ২/১১৪-১১৬)
মহিলাদের ইতিকাফঃ
*মহিলারা ঘরে তাদের নামাজ আদায়ের নির্ধারিত স্থানে ইতিকাফ করবে। যদি ঘরে নামাজের জন্য পূর্ব থেকেই কোন স্থান নির্দিষ্ট না থাকে, তাহলে ইতিকাফের জন্য বাড়ীর নির্দিষ্ট কোন কামরায় বা ঘরের কোণে একটি স্থানে নামাজের জন্য জায়গা নির্ধারণ করে সেখানে ইতিকাফ করবে। (ফাতহুল কাদির- ২/৩৯৪)
*মহিলাদের ইতিকাফ করার জন্য স্বামীর অনুমতি গ্রহণ করতে হবে। স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত ইতিকাফ করা জায়েয নেই। তবে মহিলাদের লক্ষ্য রাখতে হবে যে, তাদের ইতিকাফের কারণে যেন সন্তান প্রতিপালন, ঘর-সংসারের নিরাপত্তা ও অন্যান্য দায়িত্ব পালনে ব্যাঘাত না ঘটে। আর স্বামীদেরও উচিৎ যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতিকাফে বাঁধা না দিয়ে ইতিকাফের সুযোগ করে দেয়া। এতে উভয়ই সওয়াবের অধিকারী হবে। (আল বাহরুর রায়েক- ২/৩২৪)
*হিলাদের ইতিকাফ অবস্থায় যদি হায়েয শুরু হয়, তাহলে ইতিকাফ ভেঙ্গে যাবে। তার জন্য শুধু একদিন (মাগরিব থেকে নিয়ে পরের দিনের মাগরিব পর্যন্ত) ইতিকাফের কাযা ওয়াজিব। তাই রমজানের মধ্যেই যদি সে পবিত্র হয়ে যায় তাহলে রমজান মনে করে একদিন ইতিকাফ করবে অন্যথায় বছরের যে কোন দিন রোজা সহকারে ইতিকাফ করবে। রদ্দুল মুহতার- ২/৪৪৫)
*মহিলাগণ তাদের ইতিকাফের নির্দিষ্ট স্থান থেকে বিনা ওযরে ঘরের অন্যত্র যেতে পারবে না। গেলে ইতিকাফ ভেঙ্গে যাবে। (বাদায়ে- ২/২৮৪)
যেসব কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারেঃ
*পেশাব পায়খানার প্রয়োজন হওয়া। (আল আসল- ২/১৮৩)
*ফরজ গোছল কিংবা জুমআর গোছলের জন্য। (তাতারখানিয়া- ৩/৪৪৬)
*ওযু না থাকলে ওযুর জন্য বের হওয়া। (আহকামুল বোরআন, থানবী- ১/১৯০)
*আজানের জায়গা মসজিদ থেকে বাহির হলে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য সেখানে যাওয়া। (রদ্দুল মুহতরি- ২/৪৪৬)
ইতিকাফের জরুরী মাসায়িলঃ
রমযান ব্যতিত অন্যান্য মাসে মসজিদে ইতিকাফ করার বিশেষ কোন নিয়ম নেই। রমযান মাসে ইতিকাফ করার ব্যাপারে যে সকল নির্দেশনা ও বিধান রয়েছে, তা অন্যান্য ইতিকাফের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে ওয়াজিব (মানতের) ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখতে হবে। রোজা না রাখলে ইতিকাফ সহীহ হবে না। অন্যান্য নফল ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখা আবশ্যক নয়। তবে একদিন বা তার বেশী হলে রোজা রাখা উত্তম। (বাদায়ে-২/১০৯, আল মুহিতুল বুরহানী- ২/৪০৮) ইতিকাফরত ব্যক্তি (ওয়াজিব ও সুন্নাত ইতিকাফের ক্ষেত্রে) মসজিদের বাইরের জানাযার নামাজে শরিক হবার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হতে পারবে না। যদি বের হয় তাহলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে। (বাদায়ে- ২/১১৪, আল বাহর- ২/৩২৫)
