টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার ২৫ মে ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে একই গ্রামের সাতজন আছেন।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জানান, সাইকেলে করে দেশের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে ঘুরে প্লাস্টিকের পণ্যের বিনিময়ে চুল, ভাঙা মুঠোফোনসহ বিভিন্ন জিনিস কিনতেন নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ১০ ব্যক্তি। সর্বশেষ তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর এলাকায় ফেরি করে পণ্য কেনাবেচার কাজ করছিলেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রডবোঝাই একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের। পথে ট্রাক উল্টে ওই ১০ ফেরিওয়ালাসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।
বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁ জেলার। তাঁরা হচ্ছেন মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের ইয়াকুব (১৫), সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বাদশা (২৮), তারেক (২০) ও আব্দুল বারিক (২০); একই উপজেলার পাকুরিয়া গ্রামের গিয়াসউদ্দিন (২২) ও মাইনুল (২৮) এবং হোসেনপুর গ্রামের মঈনুল ইসলাম (৩৮); নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের আলমগীর হোসেন (২৪); চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মামুন (৪০); শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের নজরুল (৫৫); তানোর উপজেলার বাতাসপুর গ্রামের ইসমাইল হোসেন; নটোরের লালপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আলম মোল্লা এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরের হাসান আলী (৩৯)।
স্থানীয় বাসিন্দা রফিক উল্লাহ জানান, এমন মৃত্যুর খবরে আজ দুপুরে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তিদের বাড়িতে মানুষের ভিড়। একই গ্রামের সাতজনের মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী।
নিহত বাদশা মিয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বিলাপ করতে করতে বলছিলেন, ‘রাতে দুবার কথা হছে। বেটির (মেয়ে) জন্য খেলনা কিনিছে। সেই খবর শুনি বেটি কত খুশি! বাপে খেলনা নিয়ে আনোছে। এখন হামার ছাওয়ালেক কী জবাব দিমো। হামার ছাওয়াল কাকে বাপ বলে ডাকবে? হামার কী হবে?’
নিহত মাইনুর ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম বলেন, ভাইয়ের সঙ্গে রোববার বিকেলে ফোনে তাঁর কথা হয়েছিল। তিনি বলেছিলেন, সোমবার রাতে ঈদ করতে ওরা বাড়িতে ফিরবেন। মাইনুর ভাইয়ের অসুস্থ মা–বাবা আছে। তিন বছর বয়সী এক ছেলেসন্তান ও স্ত্রী আছে। পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন তাঁর মৃত্যুতে পুরো পরিবারটা অচল হয়ে যাবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
