নগরীর চান্দগাঁও থানার স্বাধীনতা কমপ্লেক্স এলাকা থেকে নালায় ঝাঁপ দেওয়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ব্যক্তি পৌনে ১২টার দিকে নালায় ঝাঁপ দেন। নালার গভীরতা বেশি থাকায় তিনি আর উঠতে পারছিলেন না। সেখানে থাকা পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।তবে ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস।
তিনি আরো বলেন,বর্ষার আগেই এসব উন্মুক্ত নালায় স্লাব ও সুরক্ষাপ্রাচীর দেয়া জরুরি। নাহলে সামনে হতাহতের ঘটনা বাড়তে থাকবে।’
