কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। শুক্রবার ৭ আগস্ট সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।
জানা গেছে, রোজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ্য থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। গত কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন।
সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশ-পাশের সড়কে হাঁটতেন। শুক্রবার সকালে রোজিনা বেগম তার বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মোঃ ওয়াসিমসহ হেঁটে পাশ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ সংলগ্ন গ্রাম-বাংলা বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় মাথা, বুক সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: বায়েজিদ জানান, ভিকটিমকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ফাঁড়ি থানায় আনা হয়। স্বজনের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
