ঈদের পরে আগামী জুন মাসে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ করে সুবিধা মত একটি তারিখে নগর আওয়ামীলীগের কাউন্সিল করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি জানান, মহানগরে যে সমস্ত ইউনিট সম্মেলন হয়নি, আমরা ঈদের পরে মহানগরে সে সমস্ত ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন সম্পন্ন করবো। আশা করেছি মাননীয় নেত্রীর সঙ্গে আলোচনা করে আগামী জুন মাসে মাননীয় নেত্রীর সুবিধা মত একটি তারিখ নির্ধারণ করে মহানগর আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন করতে চাই।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে নগরীর ১৫ থানার সাংগঠনিক টিমের প্রধানের সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের হুইপ স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদের পর পরই মহানগর আওয়ামীলীগের অসম্পন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন করার সিদ্বান্ত গ্রহণ করেছি। আজকে সাংগঠনিক টিম ভাগ করে দিলাম। এখন একদিনে ১৫ টি ওয়ার্ড সম্মেলন করতে সমস্যা নেই। একই দিনে ১৫ টি ইউনিট ও থানা সম্মেলন করতে সমস্যা নেই।
সুতারাং সামনে বর্ষা আছে, সাধারণত আমরা আগস্ট মাসে সম্মেলন করিনা। আমাদের টার্গেট জুনের মধ্যে সম্মেলন শেষ করতে চাই। এই টার্গেট নিয়ে আগাচ্ছি, যদি কোন সমস্যা না হয়, তারা আমাদের কথা দিয়েছেন তারা সম্মিলিতভাবে কাজ করে এটাকে এগিয়ে নিয়ে যাবেন।
হুইপ আবু সাঈদ চৌধুরী স্বপন বলেন, চট্টগ্রামে ১৫টি থানাতে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তদারকি করতে ১৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সাংগঠনিক প্রধানদের নাম অনুমোদন করা হয়েছে।
আগামীকাল বুধবার (আজ ২৩ মার্চ) সন্ধ্যায় আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়রসহ ইব্রাহিম হোসেন বাবুল বসে এই সাংগঠনিক টিমকে পূর্ণাঙ্গ রূপ দিবে। প্রত্যেকটি সাংগঠনিক টিমে মহানগর আওয়ামী লীগের জীবত ৬২ জন সদস্য আছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে বাকি ৬০ জনকে ৪ জন করে ১৫টি সাংগঠনিক টিমে ভাগ করে দেওয়া হবে। এই সাংগঠনিক টিম সংশ্লিষ্ট থানা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক বা থানা আওয়ামী লীগের আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে তারা ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনের ব্যবস্থা করবেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী স্বপন বলেন, ইতোমধ্যে আমাদের কিছু ইউনিট সম্মেলন শেষ হয়েছে। এ নিয়ে আমাদের কাছে কিছু অভিযোগ দাখিল হয়েছিল। সেই অভিযোগগুলো সাংগঠনিক টিম বসে পর্যালোচনা করে সেখানে অনিয়ম বা ব্যর্তয় ঘটেছে কিনা সেইগুলো তারা দেখবেন এবং আলোচনা করবেন এবং সেটা সমাধানের চেষ্টা করবেন।
যদি তারা সমাধান করতে না পারে, তাদের সুপারিশ মালা প্রণয়ন করে আমাদের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় সাংগঠনিক টিম বা আমাদের কাছে প্রেরণ করবেন। আমরা সেইগুলো মহানগর আওয়ামী লীগকে নিয়ে বসে আলোচনা করে সমাধান করব।
এই জন্য আমরা এক মাস সময় বেধে দিয়েছি। আমরা ঈদের পরে মহানগরে যে সমস্ত ইউনিট সম্মেলন হয়নি, সে সমস্ত ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন সম্পন্ন করবো। আশা করেছি মাননীয় নেত্রীর সঙ্গে আলোচনা করে আগামী জুন মাসে মাননীয় নেত্রীর সুবিধা মত একটি তারিখ নির্ধারণ করে কাউন্সিল সম্পন্ন করতে চাই।
হুইপ স্বপন বলেন, এই সাংগঠনিক টিমগুলো ইউনিট সম্মেলনের অনিয়ম দেখবেন, তেমনিভাবে আগামীতে সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রম তদারকি করবেন। মহানগর নেতৃবৃন্দের মাধ্যমে তারা ঢাকা থেকে সদস্য সংগ্রহ ফরম এনে, ফরমগুলো ইউনিট পর্যায়ে বিতরণ করবেন। সেইগুলো তদারকি, নতুন সদস্য সংগ্রহ করা যাচ্ছে কিনা।
আমরা সমাজের বিভিন্ন স্থানের ভাল মানুষদের আওয়ামী লীগে সম্পৃক্ত করতে চাই। নতুন প্রজন্মকে আওয়ামী লীগে সম্পৃক্ত করতে চাই। যাদের বিরুদ্ধে সমাজে কোন নেতিবাচক কথা নেই, যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে থেকে নাশকতা করেনি, বা কোন ধরণের অপরাধ করেনি।
সমাজে গ্রহণ যোগ্য সকল মানুষকে আমরা আওয়ামী লীগে সম্পৃক্ত করতে চাই। যাতে করে আবর্জনা প্রবেশ করতে না পারে। সেই কারণে আমাদের সাংগঠনিক টিমের বিচক্ষণ নেতৃবৃন্দ তাদের প্রজ্ঞা, মেধা দিয়ে কাজ করবেন। তাদের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস আছে।
তারা চট্টগ্রামে অনুবেশকারী বা খারাপ মানুষকে আওয়ামী লীগে স্থান দিবেন না। ভাল মানুষদের দিয়ে আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
এসময় উপস্থি’ত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি,
কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস ছবুুর, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এসময় তিনি বলেন, নগর আওয়ামী লীগের সম্মেলন আমরা কিভাবে কোন পদ্ধতিতে কবে নাগাদ করতে পারি এবং সুষ্ঠ সুন্দর স্বস্ত:স্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে করতে পারি তা ঠিক করতে আমরা আজ নগর আওয়ামী লীগের এ সভায় বসেছি। এই জনপদের আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।
এখানকার নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তা ঢাকা থেকে চাপিয়ে না দিয়ে উনাদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই।
চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন। উনার অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। এই নেতৃবৃন্দের নেতৃত্বে নগর আওয়ামী লীগে নতুন প্রাণের সঞ্চার হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সমৃদ্ধ হবে এর সুবাতাস দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে যাবে।
আজকের সভায় চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে পারি। ইতিমধ্যে ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক কমিটি হয়েছে। সভায় ১৫ জন সমন্বয়কারীর নাম উপস্থাপনের পর চূড়ান্ত হয়েছে। আজই সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করব।
ওয়ার্ড, ইউনিট ও থানায় কিভাবে সম্মেলন করা হবে তা সাংগঠনিক টিমগুলো উদ্যোগ গ্রহণ করবে। থানা কমিটিগুলোও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক টিম গঠন করবে। এরপর ওয়ার্ড, থানা ও ইউনিট সম্মেলন করে নগর আওয়ামী লীগের নতুন সম্মেলন উপহার দিব।
