আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং “রিজিওনাল ইকোনমিক পাওয়ার” হিসেবে পরিচিত ছিল।
ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং কার্যকর আমলাতান্ত্রিক-প্রশাসনিক কাঠামোর বিকাশ দেশটিকে সাব-সাহারান আফ্রিকার একটি ডেভেলপমেন্টাল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ১৯৯০-এর দশকের শেষভাগে রাষ্ট্রটি ক্রমশ পলিটিক্যাল পোলারাইজেশন, আইডেন্টিটি-বেজড এক্সক্লুশন এবং ক্রাইসিস অব ন্যাশনাল বিলংগিং-এর গভীর সংকটে নিমজ্জিত হয়।
এই সংকটের কেন্দ্রবিন্দুতে ছিল “আইভরিতে” (Ivoirité) নামক একটি জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ, যা জাতীয় পরিচয়কে এথনো-কালচারাল অথেনটিসিটির সঙ্গে যুক্ত করে “প্রকৃত আইভরিয়ান” পরিচয়ের একটি এক্সক্লুশনারি ফ্রেমওয়ার্ক নির্মাণ করে। এর ফলে উত্তরাঞ্চলের জনগোষ্ঠী, যাদের উল্লেখযোগ্য অংশ মুসলিম এবং অনেকের পারিবারিক শিকড় প্রতিবেশী রাষ্ট্রসমূহে বিস্তৃত, ক্রমশ সিটিজেনশিপ রাইটস, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এবং স্টেট রিকগনিশনের ক্ষেত্র থেকে প্রান্তিকায়িত হতে থাকে।
আইডেন্টিটি পলিটিক্স-এর এই উত্থান রাষ্ট্রীয় বৈধতা, নাগরিকত্ব এবং ক্ষমতার প্রশ্নকে নতুন মাত্রা প্রদান করে। বিশেষত-এর নাগরিকত্বকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক জাতীয় রাজনীতিকে গভীর কমিউনাল কনটেস্টেশন-এ রূপান্তরিত করে।
নাগরিকত্ব আর কেবল একটি আইনগত মর্যাদা ছিল না; এটি রাষ্ট্রীয় সম্পদ বণ্টন, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং শাসনক্ষমতার বৈধতার কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়। ফলস্বরূপ ন্যাশনাল সিটিজেনশিপ ধীরে ধীরে সিভিক মেম্বারশিপ-এর পরিবর্তে একটি এথনিকাইজড পলিটিক্যাল ক্যাটেগরি-তে রূপ নেয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহও এই বিভাজনমূলক রাজনৈতিক প্রকল্পের পুনরুৎপাদনের ক্ষেত্র হয়ে ওঠে।
এই ক্রমবর্ধমান বৈধতা-সংকটের প্রেক্ষাপটে ১৯৯৯ সালের সামরিক অভ্যুত্থান এবং ২০০০ সালের হাইলি কনটেস্টেড প্রেসিডেন্সিয়াল ইলেকশন রাষ্ট্রের ইনস্টিটিউশনাল ফ্র্যাগিলিটি-কে আরও স্পষ্ট করে তোলে।
গণতান্ত্রিক রূপান্তরের পরিবর্তে দেশটি প্রবেশ করে ইলেক্টোরাল এক্সক্লুশন, পলিটিক্যাল ভায়োলেন্স এবং লেজিটিমেসি ক্রাইসিস-এর দীর্ঘস্থায়ী পর্যায়ে। অবশেষে ১৯ সেপ্টেম্বর ২০০২ সালে প্রেসিডেন্ট-এর বিরুদ্ধে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থান দ্রুত পূর্ণমাত্রার গৃহযুদ্ধে রূপ নেয়। এর ফলে রাষ্ট্র কার্যত একটি ডি ফ্যাক্টো পার্টিশন-এর মধ্যে পতিত হয়; দক্ষিণাঞ্চল গভর্নমেন্ট-কন্ট্রোলড টেরিটরি এবং উত্তরাঞ্চল বিদ্রোহী ফোর্স নুভেল-এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত চলমান সংঘাত রাষ্ট্র ও সমাজ উভয়ের ওপর গভীর অভিঘাত সৃষ্টি করে। কয়েক হাজার মানুষের প্রাণহানি, ব্যাপক ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, রিফিউজি ক্রাইসিস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিপর্যয়ের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে সংঘাতের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ছিল সোশ্যাল কোহেশন-এর ভাঙন। উত্তর ও দক্ষিণ, স্থানীয় ও অভিবাসী-উৎপত্তির জনগোষ্ঠী, এবং বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, কালেক্টিভ এলিয়েনেশন এবং সামাজিক দূরত্ব এমন পর্যায়ে পৌঁছে যে জাতীয় ঐক্যের ধারণাটিই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। রাষ্ট্রের ভৌগোলিক বিভাজনের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল রাজনৈতিক সম্প্রদায় হিসেবে জাতির প্রতীকী বিভাজন।
এই সংকটময় বাস্তবতায় দিদিয়ের দ্রগবা (Didier Drogba) এমন এক জাতীয় প্রতীকে পরিণত হন, যিনি আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা ছাড়াই পুনর্মিলনের একটি বিকল্প নৈতিক ভাষ্য বা অল্টারনেটিভ মোরাল ন্যারেটিভ নির্মাণে সক্ষম হন। ১৯৭৮ সালের ১১ মার্চ আবিদজানে জন্মগ্রহণকারী দ্রগবা শৈশবের একটি অংশ ফ্রান্সে অতিবাহিত করেন এবং পরবর্তীতে ল্য মান (Le Mans FC), আঁ আভাঁ গ্যাঁগাঁ (En Avant Guingamp) এবং অলিম্পিক দ্য মার্সেই (Olympique de Marseille)-এর হয়ে খেলার পর চেলসি ফুটবল ক্লাব (Chelsea FC)-এ যোগ দেন।
ইউরোপীয় ফুটবলে তাঁর উত্থান কেবল ব্যক্তিগত সাফল্যের ইতিহাস ছিল না; এটি ছিল আন্তর্জাতিক অঙ্গনে একটি বিভক্ত জাতির প্রতীকী প্রতিনিধিত্বেরও ইতিহাস।
২০০৫ সালে তাঁর নেতৃত্বে আইভরি কোস্ট জাতীয় ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো FIFA World Cup-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। এই অর্জন ক্রীড়াক্ষেত্রের সীমানা অতিক্রম করে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য ধারণ করে।
বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর জাতীয় টেলিভিশনের ক্যামেরার সামনে দ্রগবার আবেগঘন আহ্বান ছিল এক ধরনের মোরাল আপিল, যেখানে তিনি অস্ত্র পরিত্যাগ, জাতীয় সংলাপ, পারস্পরিক ক্ষমা এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বান জানান। তাঁর বক্তব্যের অন্তর্নিহিত বার্তা ছিল—যে জাতি একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে সক্ষম, সে জাতি বিভক্তির রাজনীতিকে অতিক্রম করতেও সক্ষম।
তাঁর এই ভূমিকার তাৎপর্য নিহিত ছিল তাঁর সিম্বোলিক ক্রেডিবিলিটি এবং মোরাল অথরিটি-এর মধ্যে। তিনি কোনো রাজনৈতিক দল, সামরিক গোষ্ঠী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন না; ফলে তাঁর আহ্বান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ভাষা হিসেবে নয়, বরং একটি জাতীয় নৈতিক আবেদন হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে।
আন্তর্জাতিক খ্যাতি, ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এবং ব্যাপক সামাজিক গ্রহণযোগ্যতা তাঁকে এমন এক অবস্থানে নিয়ে যায়, যেখান থেকে তিনি সহিংসতার পরিবর্তে পুনর্মিলন এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহাবস্থানের পক্ষে কার্যকর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তাঁর অবস্থানকে সফট পাওয়ার, সিম্বোলিক ক্যাপিটাল এবং মোরাল লিডারশিপ-এর সমন্বিত রূপ হিসেবে ব্যাখ্যা করা যায়।
গৃহযুদ্ধ-পরবর্তী আইভরি কোস্ট-এর অন্যতম প্রধান সংকট ছিল ইন্টার-গ্রুপ ট্রাস্ট-এর অবক্ষয়। বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি রাষ্ট্র পুনর্গঠনের পথকে জটিল করে তুলেছিল। এই প্রেক্ষাপটে দ্রগবা এমন একটি শেয়ার্ড ন্যাশনাল সিম্বল-এ পরিণত হন, যিনি বিভাজিত সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগ, পারস্পরিক স্বীকৃতি এবং মানসিক নৈকট্য পুনর্গঠনে সহায়তা করেন। তাঁর জনপ্রিয়তা কোনো নির্দিষ্ট অঞ্চল, ধর্ম বা রাজনৈতিক মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তিনি এমন একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে ওঠেন, যার প্রতি আস্থা বিভিন্ন সামাজিক বিভাজনকে আংশিকভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছিল।
একইসঙ্গে তাঁর ভূমিকা সমসাময়িক গ্লোবাল পাবলিক কালচার-এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আধুনিক বিশ্বে জনপ্রিয় ক্রীড়াবিদ, শিল্পী বা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রায়ই রাষ্ট্র ও সমাজের মধ্যকার ইনফরমাল মিডিয়েটর হিসেবে আবির্ভূত হন।
তাঁরা আনুষ্ঠানিক কূটনীতিক না হয়েও জনমত গঠন, মানবিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তির পক্ষে সামাজিক সমর্থন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দ্রগবা তাঁর আন্তর্জাতিক মর্যাদা ও প্রতীকী পুঁজি ব্যবহার করে ঠিক এমন একটি ভূমিকা পালন করেছিলেন, যা রাষ্ট্রবহির্ভূত নৈতিক নেতৃত্বের সম্ভাবনাকে নতুনভাবে সামনে আনে।
রাষ্ট্রগঠন সম্পর্কিত আলোচনায় তাঁর অবদান আরও তাৎপর্যপূর্ণ। আধুনিক রাষ্ট্র কেবল প্রশাসনিক প্রতিষ্ঠান বা ভূখণ্ডের সমষ্টি নয়; এটি একটি শেয়ার্ড পলিটিক্যাল কমিউনিটি, যার স্থায়িত্ব নির্ভর করে নাগরিকদের অভিন্ন রাজনৈতিক পরিচয়, পারস্পরিক আস্থা এবং বৈধতার সম্মিলিত ধারণার ওপর।
আইভরি কোস্ট-এর সংকট ছিল মূলত সেই অভিন্ন রাজনৈতিক সম্প্রদায়ের সংকট। তিনি তাঁর বক্তব্য, কর্মকাণ্ড এবং জাতীয় দলের সাফল্যের মাধ্যমে এমন একটি ইনক্লুসিভ ন্যাশনাল আইডেন্টিটির ধারণা সামনে আনেন, যা ধর্ম, অঞ্চল ও বংশগত উৎসের বিভাজনকে অতিক্রম করে বৃহত্তর জাতীয় সম্প্রদায়ের ধারণাকে শক্তিশালী করে।
তবে তাঁর উত্তরাধিকারকে অতিরঞ্জিতভাবে মূল্যায়ন করাও সমীচীন নয়। আইভরি কোস্ট-এর সংঘাতের পেছনে ভূমি-অধিকার, অর্থনৈতিক বৈষম্য, নাগরিকত্ব-সংক্রান্ত বিরোধ, রাষ্ট্রীয় সম্পদের অসম বণ্টন এবং ক্ষমতার প্রতিযোগিতার মতো গভীর স্ট্রাকচারাল ফ্যাক্টরস সক্রিয় ছিল।
ফলে প্রতীকী ঐক্য বা নৈতিক আবেদন দীর্ঘমেয়াদি শান্তির বিকল্প হতে পারে না। স্থায়ী পুনর্মিলনের জন্য প্রয়োজন ইনক্লুসিভ ইনস্টিটিউশনস, পলিটিক্যাল রিফর্ম, রুল অব ল’, ট্রানজিশনাল জাস্টিস এবং ইকুইটেবল গভর্ন্যান্স-এর মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।
সমকালীন পলিটিকাল সোসিওলজি, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, লিডারশিপ স্টাডিজ এবং সোসিওলজি অব স্পোর্ট-এর আলোচনায় দিদিয়ের দ্রগবা একটি ব্যতিক্রমধর্মী কেস স্টাডি হিসেবে বিবেচিত হন। তাঁর অভিজ্ঞতা নির্দেশ করে যে সামাজিকভাবে বৈধ ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য সাংস্কৃতিক প্রতীকসমূহ কখনও কখনও এমন এক ধরনের নর্মেটিভ ও রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম, যা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ক্ষমতার প্রচলিত পরিসীমাকে অতিক্রম করে।
অবশ্য তাঁর অবদানকে সংঘাতের চূড়ান্ত সমাধান হিসেবে ব্যাখ্যা করা সমীচীন নয়; বরং তিনি শান্তি-প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট হিসেবে এমন একটি প্রতীকী ও মানসিক পরিসর নির্মাণ করেছিলেন, যার মধ্যে রাজনৈতিক সমঝোতা, সামাজিক আস্থার পুনর্গঠন এবং পুনর্মিলনের সম্ভাবনা অধিকতর কার্যকর হয়ে ওঠে। এই অর্থে তাঁর ভূমিকা মূলত সিম্বলিক মোবিলাইজেশন, মোরাল লিডারশিপ এবং কলেক্টিভ ইমাজিনেশন-এর পুনর্গঠনের মাধ্যমে বিভক্ত সমাজে একটি অভিন্ন জাতীয় কল্পনার পুনরুৎপাদনের সঙ্গে সম্পর্কিত।
ফলে তাঁর উত্তরাধিকার কেবল ক্রীড়া-ইতিহাসের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি রাষ্ট্র, জাতি এবং নাগরিক সমাজের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দৃষ্টান্ত। তাঁর জীবন ও কর্মকাণ্ড দেখায় যে গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে সামাজিক সংহতি ও পুনর্মিলনের প্রক্রিয়া কেবল প্রাতিষ্ঠানিক কাঠামো, আইনি ব্যবস্থা কিংবা রাজনৈতিক কর্তৃত্বের ওপর নির্ভরশীল নয়; বরং তা বহুলাংশে নির্ভর করে সমাজে বিদ্যমান প্রতীকী সম্পদ, নৈতিক বিশ্বাসযোগ্যতা এবং সমষ্টিগত পরিচয়বোধের ওপর।
সেই অর্থে দ্রগবা এমন এক ঐতিহাসিক উদাহরণ, যার মাধ্যমে প্রতীয়মান হয় যে খেলাধুলা কেবল প্রতিযোগিতা বা বিনোদনের ক্ষেত্র নয়; এটি কলেক্টিভ আইডেন্টিটি ফরমেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন, রিকনসিলিয়েশন এবং পিসবিল্ডিং-এর মতো জটিল সামাজিক-রাজনৈতিক প্রক্রিয়ারও একটি কার্যকর বাহক ও মধ্যস্থতাকারী।
প্রদীপ আইচ : লেখক।
