চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের টিম–০১ এর অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে মাদক বহনের অভিযোগে চালক মিজানুর রহমান (৩০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ খোদাইবাড়ী, পিয়াইজ্জা পাড়া এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭) ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে বাকলিয়া থানাধীন রাজখালী এলাকা থেকে মো. রহমত উল্লাহ (৩২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমত উল্লাহ কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল ইউনিয়নের ভুতপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি (দক্ষিণ) বিভাগ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/
