বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা প্রতিবেদককে বলেন, “উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা এই এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করছি।”
আর এইচ/
