শিক্ষা, মেধা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ১ যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি–২৫’ এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার (২ জানুয়ারি) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০২৬ সেবাবর্ষের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন,”মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে ‘প্রজন্ম মিরসরাই’-এর মতো সংগঠনের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল চৌধুরী বলেন,”শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে যদি মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলা যায়, তবেই একটি সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব। ‘প্রজন্ম মিরসরাই’ দীর্ঘদিন ধরে যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এই সংগঠনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে ও সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।”
সভাপতির বক্তব্যে রহিম উদ্দিন বলেন,”একটি আলোকিত প্রজন্ম গড়তে শিক্ষা ছাড়া বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে মেধা যাচাই ও শিক্ষার্থীদের উৎসাহিত করার এই আয়োজন আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি সংগঠনের সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন,“প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক চর্চা অত্যন্ত জরুরি। মেধাবৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।”
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় তিনটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয়। কম্পিউটার বিজয়ীরা হলেন, শেখ তাসনিমুল আহম্মদ, সেঁজুতি নাহা ও সাদিয়া আক্তার নিজুম।
এছাড়া ট্যালেন্টপুলে ২৯ জনসহ মোট ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রুহী মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাঁদেরকে ভবিষ্যতে সমাজের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মনজুর মোরশেদ ভূঁইয়া কনক, আজীবন সদস্য লায়ন তাহের আহাম্মদ, ব্যাংক কর্মকর্তা জোবাইদুল ইসলাম সবুজ, পৃষ্ঠপোষক তৌহিদ উদ দৌজা, নুরুল করিম এরফান, আব্দুল কাইউম, ব্যাংকার আরাফাত হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আজীবন সদস্য শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসাইন টিপুসহ সংগঠনের পরিচালকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখলে সাফল্য অনিবার্য। এ ধরনের মেধাভিত্তিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত ‘প্রজন্ম মিরসরাই’ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।,
আর এইচ/
