চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মুবিনুল ইসলাম নয়ন (২৮) নিহত হয়েছেন। নয়ন দামপাড়া পুলিশ লাইন্স থেকে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কদমতলী আর্টমাচ মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত নয়নকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়ি পুকুর গ্রামে। তিনি নুরুল আমিনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মুবিনুল ইসলাম মোটরসাইকেলে করে দামপাড়া পুলিশ লাইনসের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানা এলাকায় দায়িত্ব পালনের জন্য আসছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা পরিবহনের একটি ডাম্পট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাম্পট্রাকটিও জব্দ করেছে পুলিশ। গাড়ির হেলপারকেও আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
আর এইচ/
