চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক জেলে পরিবারের বসতঘর ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে বলে দাবি পরিবারের সদস্যদের।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা বাচুরাম জলদাশ (৫০), তিনি কালুরাম দাশের ছেলে এবং পেশায় জেলে ও কৃষক।
বাচুরাম জলদাশ বলেন, “কিস্তির ঋণের টাকায় ঘর বানিয়ে থাকতাম। ঘরে ৬০ হাজার টাকার মতো খরচ হয়েছে। বাকি কিস্তির নগদ টাকা ও মেয়েদের স্বর্ণালংকারসহ সব আগুনে পুড়ে গেছে। ”
স্থানীয় সূত্রে জানা যায়, পূজার আসন ঘরে জ্বালানো মোমবাতি, ধূপবাতি ও আগরবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালতি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় সদস্যরা ভ্যানে করে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় ড্রেজারের পানি ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদস্য মো. সেলিম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূজার আসনে জ্বালানো সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় তিন লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।”
আর এইচ/
