আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সাতটি প্রস্তাব আমরা জানিয়েছি। সিইসি আমাদের নিশ্চিত করেছেন, সবাই নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে।”
তিনি আরও বলেন, “পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে। দেশে অনেক সময় রাজনৈতিক বলির পাঠা হিসেবে সংখ্যালঘুদের ব্যবহার করা হয়। ভোট দিতে গিয়ে যেন কোনো সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা না হয় বা গরু-ছাগল নষ্ট না হয়—তারও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।”
পলাশ কান্তি দে জানান, “এখনও সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্তভাবে হামলা ও চাঁদাবাজি হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।”
আর এইচ/
