আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীর।
সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৮টি আসনের প্রার্থীতার তালিকা প্রকাশ করেন। এতে বান্দরবান আসনে দলের প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
বান্দরবানের সম্ভ্রান্ত এক পরিবারে ১৯৬০ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন সাচিং প্রু জেরী। তাঁর পিতা স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মাতা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানীও এলাকার একজন সম্মানিত নারী ছিলেন।
তিনি ১৯৬৮ সালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৭০ সালে চট্টগ্রামের ওমর গনি এমইএস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর।
১৯৮৬ সালে প্রথমবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে বিজয়ী হন।
রাজনৈতিক জীবনে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেও, একই বছরের পরবর্তী নির্বাচনে অল্প ভোটে পরাজিত হন তিনি।
২০০৭ সালের ১/১১ পরিস্থিতির পর জেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্ব দেন তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান। ২০০৯ সালে পুনরায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন পরিচালনায় দক্ষতার জন্য বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সমানভাবে পরিচিত এই প্রবীণ নেতা আসন্ন নির্বাচনে বান্দরবান আসনে দলের প্রতীক ধানের শীষে লড়বেন।
আর এইচ/
