চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মামলায় অভিযুক্ত মো. শফিকুল আলম (পিতা: হুমায়ুন কবির) এর বিরুদ্ধে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,“নদী ভাঙন রোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের দমন করতে আমাদের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, একই এলাকায় চলতি বছরের ১৬ মার্চ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এর আগে গত ১০ ডিসেম্বর, বরুমচড়া ভরাশঙ্খ খাল ও জুঁইদী এলাকায় বালু ব্যবসায়ী মো. আবছার ও আবদুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চলতি বছরের ৪ ফেব্রুয়ারি, বালু সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মো. আবছার নামের একজনকে এক লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হোছাইন, এবং ভবিষ্যতে বালু সংরক্ষণ না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ভরাশঙ্খ খালে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের পর থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে সেখানে অবৈধ বালু মহাল গড়ে তোলে। প্রতিদিন শঙ্খ নদী থেকে উত্তোলিত বালু শতাধিক ট্রাকে করে বিক্রি হচ্ছে, যা ড্যাম, বেড়িবাঁধ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইতোমধ্যে ড্যামে যাওয়ার প্রধান সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর এইচ/
