আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা তিন বাহিনীর সদস্যদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গত ১৫ মাসের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন,“ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বতীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিতে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং নির্দিষ্টসংখ্যক বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা অবস্থান করবে।
এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।
আর এইচ/
