দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর নায়েক মো. আক্তার হোসেন শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিজিবি সূত্র জানায়, গত ১২ অক্টোবর নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপিতে অস্থায়ীভাবে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করছিলেন। ওইদিন সকালে পেয়ারাবুনিয়া সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাঁকে প্রথমে রামু সেনানিবাসের সিএমএইচ-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে করে সিএমএইচ, ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে হঠাৎ হার্ট অ্যাটাক হলে চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজের তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট CPR দেওয়ার পরও তাঁর হৃদ্স্পন্দন ফেরেনি। দুপুর ১২টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বলেন,“দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,“শহীদ নায়েক আক্তার হোসেন দেশের জন্য আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত নায়েক আক্তার হোসেনের মরদেহ পরবর্তীতে নিজ জেলা ভোলার দৌলতখানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
আর এইচ /
