প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অগ্রদূত ও সেন্টার ফর ডিজএ্যবলস কনসার্ন (সিডিসি)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম সেলিম নজরুলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে লালখান বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসি চট্টগ্রাম সভাপতি নাসিমা বানু। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সিডিসি চট্টগ্রাম নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসাসহ সংগঠনের প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অসাধারণ প্রতিভাধর সংগঠক, ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট সেলিম নজরুল ছিলেন দক্ষ ও মানবিক একজন ব্যক্তিত্ব। তিনি খেলোয়াড়দের চিকিৎসা সেবা বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেন, যা এখনও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিডিসি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম অঞ্চলের প্রতিবন্ধীদের আশ্রয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
স্মরণ সভা শেষে মেয়রসহ অতিথিরা উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।
আর এইচ/
