বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই সাবেক সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের ছোট ভাই।
তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের ইতিহাসে প্রথম ভাইস অ্যাডমিরাল হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৭ সালে রিয়ার অ্যাডমিরাল এম. হাসান আলী খানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে ২০০৯ সালে ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। মাত্র ১৮ বছর বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৭০ সালে করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে যোগ দেন।
ব্যক্তিগত জীবনে তিনি মুনিরা নিজামকে বিয়ে করেন। এ দম্পতির নাফিসা নামে এক কন্যা রয়েছে।
আর এইচ/
