চুরির অভিযোগে এক হোটেল কর্মচারীর চুল কেটে শরীরে আলকাতরা মেখে জনসম্মুখে ঘোরানোর মতো ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকার ‘টানেল রেস্টুরেন্ট’-এ এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হিরু আলম (৩০) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি কিছুদিন ধরে ওই রেস্টুরেন্টে অস্থায়ীভাবে কাজ করছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়— চুল কাটা ও শরীরে আলকাতরা মাখানো অবস্থায় হিরুকে রাস্তায় ঘোরানো হচ্ছে। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিভিন্ন মহল থেকে এটি ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ ও ‘গণবিচারের জঘন্য দৃষ্টান্ত’ বলে নিন্দা জানানো হয়।
রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ দাবি করেন, “হিরু প্রায় পাঁচ দিন আগে অর্ধবেলা কাজ করেছিল। পরে সহকর্মীর দুটি মোবাইল চুরি করে পালিয়ে যায়। আজ বিকেলে তাকে চট্টগ্রাম শহর থেকে এনে রেস্টুরেন্টে রাখা হয়। আমার স্টাফরা দুষ্টুমি করে চুল কেটেছে, তবে শারীরিকভাবে কেউ মারেনি।”
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় হিরুকে একাধিক ব্যক্তি অপমানজনক আচরণের শিকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “কর্মচারীকে চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘোরানোর ঘটনায় হোটেল মালিককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আর এইচ/
