ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আনোয়ারা উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগরে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ।
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে কালাবিবির দীঘি সংলগ্ন ‘ঈগল আইস বার’ নামক বরফকলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের সমন্বয়ে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে প্রায় ৪০ কেজি ইলিশ ও বরফ জব্দ করা হয়। বরফকলের মালিককে ৫ হাজার টাকা এবং মাছ বহনকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আনোয়ারা উপজেলার ৮টি নিবন্ধিত এতিমখানায় বিতরণ করা হয়, আর বরফ ব্লক জনসমক্ষে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, মা-ইলিশ সংরক্ষণ অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং মৎস্য আহরণে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হবে।
আর এইচ/
