সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতের স্থানীয় নেতারা।
এর আগে সকাল থেকে হেফাজতের কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুই মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে হেফাজতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী ফেরার পথে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন। পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসের চালক জানে আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত মাওলানা সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের আব্দুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করতেন।
হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেছেন।
আর এইচ/
