চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম–খাগড়াছড়ি ও চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় হেফাজতের এক নেতা নিহত হওয়ার পর কিছু সমর্থক সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”
নিহত মাওলানা সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীনসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
