রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও রাউজান কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে হাটহাজারীর উদ্দেশে যাচ্ছিলেন মাওলানা সোহেল চৌধুরী। পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্টো ঘ-১১-১৯৮৫) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসচালক জানে আলম (৪০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
