চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ও ভেজাল উপকরণ ব্যবহার করে মিষ্টি উৎপাদনের দায়ে ক্লাসিক্যাল সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা প্রায় ৫০০ কেজি মিষ্টি এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ধ্বংস করে ডোবায় ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. শের আলী। অভিযানে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলী মুনসী পাড়ার বাসিন্দা আতিকউল্লাহ চৌধুরী, তিনি আক্তার কামাল চৌধুরীর পুত্র।
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মিষ্টি উৎপাদন করে আসছিল একটি চক্র। উপজেলা যুবদল নেতা মুসলিম হোসাইনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “ভেজাল খাদ্য উৎপাদন মারাত্মক অপরাধ। এটি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে। যারা এ জঘন্য কাজে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।”
আর এইচ/
