চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫)। মঙ্গলবার বিকেলে মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে নিজের গাড়িতে এলাকায় যাচ্ছিলেন আবদুল হাকিম। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়ির সামনে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক এবং বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তবে এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষতা বা ব্যক্তিগত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গুলির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হামলা। তদন্ত চলছে।”
এদিকে ঘটনাস্থলে নিহতের ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
