“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস, সিভিক সেন্টারে এ প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম জেলা।
এই প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রামের বিভিন্ন থানা ও ইউনিট থেকে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নিরপেক্ষ দায়িত্ব পালন, জনগণের আস্থা অর্জন, মানবিক আইন প্রয়োগ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণ বিষয়গুলো বিশেষভাবে শেখানো হবে।
প্রধান অতিথি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, “জাতীয় ও স্থানীয় নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সদস্যদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে।”
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, “নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার সুরক্ষায় জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। জনপদে পুলিশের দৃশ্যমান উপস্থিতি ভোটারদের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), হাটহাজারি সার্কেল অফিসার, প্রশিক্ষক ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশিক্ষণ কোর্সটি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আর এইচ/
