ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম স্বামী-স্ত্রী একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এই নজির গড়েন ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে ছালমা ও তার স্বামী রায়হান উদ্দিন।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে উম্মে ছালমা পেয়েছেন ৯ হাজার ৯২০ ভোট। অন্যদিকে সাধারণ সদস্য (এজিএস) পদে লড়ে তার স্বামী রায়হান উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৮২ ভোট। ফলে দু’জনেই নিজেদের পদে বিজয়ী হয়েছেন।
জয়ের পর প্রতিক্রিয়ায় উম্মে ছালমা জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে কাজ করছেন। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে একটি প্যানেলের প্রয়োজন ছিল, সে কারণেই শিবিরের প্যানেলে প্রার্থী হয়েছেন।
ঢাবির ইতিহাসে এর আগে কখনো স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হননি। ফলে এই দম্পতির জয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টির মধ্যে বেশিরভাগ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। সম্পাদকীয় ১২টি পদের মধ্যে তারা জিতেছে ৯টিতে, আর বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।
আর এইচ/
