কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় মো. তারেক নামের ১৩ বছরের আরেক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার ৮ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ঐ এলাকার বাকপ্রতিবন্ধী বেলাল হোসেন এর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি নাস্তা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মিশুক গাড়ির সাথে অপর আরেকটি মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটা গাড়ি উল্টে গিয়ে শিশুটির উপর পড়ে। এসময় গুরুতর আহত হয় শিশু ইমরান হোসেনসহ দুজন। তাদের মধ্যে তারেক নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু ইমরান হোসেনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের পরিবার। শিশুটির মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে পা বিচ্ছিন্ন হওয়া তারেক এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
