সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা কেউ হয়রানির শিকার হলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা প্রশাসক বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। ইউএনও, এসিল্যান্ডসহ কোনো সরকারি কর্মকর্তার কারণে কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা।”
তিনি আরও জানান, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নের মধ্যে ৩৬টি ইউনিয়নে বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে এসব এলাকায় সেবা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসন সরাসরি ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণের কথা শোনা এবং সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে।
গণশুনানিতে জনদুর্ভোগ তুলে ধরে সাধারণ মানুষ দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ জনগণ ভূমি জটিলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তা মেরামত, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।
ডিসি ফরিদা খানম মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
গণশুনানি শেষে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
আর এইচ/
