আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনপূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিসি, এসপি, ইউএনও এবং ওসি। নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি, ডিসি কিংবা ওসিকে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব।
উপদেষ্টা বলেন, লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে। এখন তো সব কর্মকর্তা যেখানেই থাকুক না কেন নির্বাচনের আগে তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে।
তিনি জানান, আগামী নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে।
