২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মঙ্গলবার (৫ আগস্ট) তিনি এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন এবং নিজেই এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য হবে অলিম্পিকের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তদারকি করা। এ লক্ষ্যে তারা ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই টাস্ক ফোর্সের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও এতে অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে।
ট্রাম্প জানান, “আমরা অলিম্পিককে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু করব,” যার মধ্যে ন্যাশনাল গার্ড বা সামরিক বাহিনী মোতায়েন করাও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এর আগে গত জুনে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি সত্ত্বেও লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন, যা রাজ্য প্রশাসনের সঙ্গে উত্তেজনার জন্ম দেয়। প্রেসিডেন্টের দাবি, অভিবাসনবিরোধী বিক্ষোভ দমন করতেই এই পদক্ষেপ ছিল জরুরি।
টাস্ক ফোর্স গঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। তিনি ট্রাম্পের প্রশংসা করে বলেন, “আপনি প্রতিটি পদক্ষেপে আমাদের সহযোগিতা করেছেন। আপনার সমর্থন ছাড়া আমরা আজ এখানে থাকতাম না।”
অলিম্পিকের আয়োজক হিসেবে লস অ্যাঞ্জেলসের নাম ২০১৭ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের প্রথম মেয়াদকালে ঘোষণা করা হয়।
যদিও শহরটির বর্তমান ডেমোক্র্যাট মেয়র কারেন বাসের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক উত্তপ্ত, ট্রাম্প তাকে ‘খুব দক্ষ নন’ বলে সমালোচনা করেছেন, তবু আয়োজক কমিটি প্রেসিডেন্টের ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছে।
১৯৮৪ সালের পর এই প্রথম লস অ্যাঞ্জেলস আবার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে।
সূত্র : এপি
